


ওয়াশিংটন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করাই লক্ষ্য। সেজন্য ইউক্রেনে শান্তিরক্ষাবাহিনী হিসাবে ভারতীয় সেনাকে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। কিন্তু পত্রপাঠ ওই প্রস্তাব খারিজ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য প্রকাশিত ‘রিজিম চেঞ্জ’ নামে একটি বইয়ে এমন দাবি করা হয়েছে। মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা ‘রিজিম চেঞ্জ’ বইটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ দিন পর অর্থাৎ গতবছর ৩০ জানুয়ারি ওভাল অফিসে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়া- ইউক্রেন বিষয়ক বিশেষ দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগও। যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে ব্রিটিশ, ফরাসি ও ডাচ শান্তিরক্ষাবাহিনী পাঠানোর পরিকল্পনা ছিল কেলগের। কিন্তু ন্যাটো সদস্য দেশগুলির সেনা ব্যবহার রাশিয়াকে উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভান্স। এজন্য ভারতের সেনা পাঠানোর প্রস্তাব দেন। কিন্তু তা খারিজ করে দেন ট্রাম্প। সাফ বলেন— ‘ভারত রাজিই হবে না।’