


ওয়াশিংটন, ১৬ নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে বিতর্ক চলছেই। বিপাকে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি। পদত্যাগ করেছেন সংবাদমাধ্যমটির ডিরেক্টর টিম ডেভি ও সংস্থার সিইও ডেবোরা টারনেস। যদিও তাতে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন ট্রাম্প। এই বিষয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘বিবিসির বিরুদ্ধে সম্ভবত আগামী সপ্তাহের কোনও একটি সময়ে আমরা এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি মামলা করব।’
বিষয়টি নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও অভিযোগ জানাবেন বলে স্পষ্ট জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, ২০২১ সালে ট্রাম্পের দেওয়া ভাষণের বিশেষ অংশ কেটে প্রচার করেছিল বিবিসি। এতেই পক্ষপাতদুষ্ট সম্পাদনার দায় চাপে বিবিসির ঘাড়ে। সেই বিষয়টি বিবিসির তরফে পর্যালোচনার জন্য তদন্তও শুরু হয়েছে। কিন্তু ট্রাম্পকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে অস্বীকার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। যার ফলে বেজায় ক্ষুব্ধ রিপাবলিকান নেতা।