


ওয়াশিংটন: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত আগামী বছরের শুরুতেই। এমনটাই জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। ট্রাম্পের সফরের প্রস্তুতি হিসাবে তিনি নিজেও চলতি বছরের শেষে ভারতে আসতে পারেন।
এক সাক্ষাৎকারে রুবিও জানিয়েছেন, ‘আগামী বছরের শুরুতেই যাতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে আসতে পারেন, আমরা তা নিশ্চিত করতে চাইছি। ভারত আমেরিকার বন্ধু দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’ দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসার পর এই প্রথমবার ভারতে আসতে চলেছেন ট্রাম্প। এর আগে প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে এসেছিলেন তিনি।
রুবিও বলেন, ‘ভারত-আমেরিকা সম্পর্ক দুর্দান্ত জায়গায় রয়েছে।’ দুই দেশ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তা শেষ ধাপে পৌঁছেছে।’একইসঙ্গে মোদির নেতৃত্বেরও প্রশংসা করেন মার্কিন বিদেশ সচিব। তিনি বলেন, মোদির নেতৃত্বে ভারত ক্রমশ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসাবে উঠে আসছে। তিনি আরও জানান, ভারতকে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত সঙ্গী হিসাবে বিবেচনা করে ট্রাম্প প্রশাসন। তাঁর মতে, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে একাধিক ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তী কোয়াড বৈঠকের অপেক্ষায় রয়েছে দুই দেশ। সেই বৈঠকের প্রস্তুতি ও ট্রাম্পের সফরের রূপরেখা চূড়ান্ত করতে তিনি ভারতে আসতে পারেন বলে জানিয়েছেন রুবিও।