


কলম্বিয়া, ২২ অক্টোবর: নিজের অপছন্দের সবকিছুর নাম বদলে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প। নতুন নামকরণ করতে চান নিজের অথবা আমেরিকার নামে। গত বছর মেক্সিকো উপসাগরের নাম বদলে রাখেন ‘আমেরিকা উপসাগর’। ‘লেক অন্টারিও’ পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখতে জারি করেন ডিক্রি। এমনকি হরমুজ প্রণালীর নাম বদলে করে দেন ‘ট্রাম্প প্রণালী’! মার্কিন প্রেসিডেন্টের নজর পড়েছিল আটলান্টিক মহাসাগরেও। সুন্দর পিচাই বাধ না সাধলে এতদিনে হয়তো বদলে যেত বিশ্বের ডিজিটাল মানচিত্র!
আটলান্টিকের নাম বদলে ফেলতে হবে। এমনই দাবি ছিল ডোনাল্ড ট্রাম্পের। পরিবর্তে, নিজের নামে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নামকরণ চেয়েছিলেন তিনি। অর্থাৎ ‘আটলান্টিক মহাসাগরের’ বদলে ‘ট্রাম্প মহাসাগর’! গুগলের সিইও সুন্দর পিচাইয়ের কাছে সে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাঁর প্রস্তাব খারিজ করে দেন গুগল প্রধান। সম্প্রতি সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনী জনসভায় ট্রাম্প স্বয়ং একথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গুগল ম্যাপসে আটলান্টিক মহাসাগরের নাম বদলে ট্রাম্প মহাসাগর রাখার কথা বলি। জবাবে সুন্দর বলেন, ‘না, না, না। এ কাজ আমি করতে পারব না।’
সুন্দর পিচাই কেন তাঁর প্রস্তাবে সম্মতি দেননি, ওই জনসভায় সেকথাও জানাতে ভোলেননি ট্রাম্প। তাঁর কথায়, ‘সুন্দর বলেন, মহাসাগর একেবারে অন্য বিষয়। এটি কোনও একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। একাধিক দেশের উপকূল ও ভৌগোলিক অঞ্চলের সঙ্গে এই মহাসাগর জড়িয়ে রয়েছে। ফলে আমাকে একাজ করতে বলবেন না।’