


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আড়ালে থেকেই নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। ১৫ কেজি সোনাও উদ্ধার করা হয়। যদিও টুলুর হদিশ নেই। মিনারের বাড়ি থেকে নগদ এবং সোনা উদ্ধারের পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল বীরভূম জেলা পুলিশ। ওই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে টুলুর নাম ছিল। নগদ এবং সোনা উদ্ধারের এই মামলাতেই রক্ষাকবচ চেয়েছেন টুলু।