


জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকের ‘পারুল’ ইতিমধ্যে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছে। এই পথ চলার গল্প শোনালেন অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়।
উপভোগ্য
দর্শকের পছন্দের মাপকাঠি অনেকটাই টিআরপির হিসেব দেখে বুঝতে পারেন নির্মাতারা। গত কয়েক সপ্তাহ ধরে ‘পরিণীতা’ সেই হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে। ধারাবাহিকে ‘পারুল’ চরিত্রে অভিনয় করছেন ঈশানী। তাঁর কথায়, ‘আমি সবদিক থেকে চরিত্রটা উপভোগ করছি। পারুল যতটা প্রতিবাদী ততটাই শান্তশিষ্ট। তাকে খারাপ ভাবে কেউ কিছু বললে দুঃখও পায় কিন্তু পরক্ষণেই ভাবে, দুঃখ পেলে চলবে না। রুখে দাঁড়াতেই হবে।’ বাস্তবেও পারুলের মতো হতে পারলে তাঁর ভালো লাগত বলে জানালেন অভিনেত্রী। পারুল চরিত্রের সঙ্গে দর্শকের ইতিমধ্যেই পরিচয় হয়েছে। কিন্তু বাস্তবে ঈশানী ঠিক কেমন? ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আমি সহজে কারও সঙ্গে মিশতে পারি না, একটু সময় লাগে। প্রথমে বোঝার চেষ্টা করে সামনের মানুষটির সঙ্গে কীভাবে কথা বলা উচিত। ধীরে ধীরে যখন বোঝাপড়া তৈরি হয়, তখন অনেক কথা বলতে পারি।’
অভিনয়ের অভিজ্ঞতা
মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা চলাকালীন হঠাৎই ঈশানীর কাছে এই ধারাবাহিকে অডিশন দেওয়ার সুযোগ আসে। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তাঁর। তাই এই সুযোগটা কোনওভাবেই তিনি হাতছাড়া করতে চাননি। ঈশানী বললেন, ‘এর আগে কখনও অভিনয় করিনি। তাই প্রতিটা দিন আমার কাছে শেখার। ক্যামেরার অ্যাঙ্গেল, লুকসেট, মাস্টার শট— এসব কিছুই জানতাম না। সব মিলিয়ে এই ধারাবাহিক আমার কাছে কাজ শেখার জায়গা। দারুণ একটা অভিজ্ঞতা। পরবর্তী জীবনে আমি অভিনয় করি বা না করি, এই অভিজ্ঞতা আমাকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে।’
টম অ্যান্ড জেরি
দর্শক ধারাবাহিকের রায়ান এবং পারুলের জুটির নামকরণ করেছে ‘টম অ্যান্ড জেরি’ কাপল। যারা অনস্ক্রিন সারাক্ষণ শুধুই ঝগড়া করে। আসলে সম্পর্কটা কেমন? হেসে ঈশানী বললেন, ‘যেহেতু সারাক্ষণ আমরা ঝগড়া করি, আমার মধ্যে খুব এনার্জি। দর্শকের চোখে আমাদের জুটির ইমেজ এমন, যারা সারাক্ষণ কোমর বেঁধে ঝগড়া করে। তুমি থেকে সম্পর্কটা এখন তুই-তে চলে এসেছে।’ ঈশানীর বিপরীতে ‘রায়ান’ চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং। ‘আমরা একসঙ্গে বিভিন্ন দৃশ্য নিয়ে আলোচনা করি। ব্যক্তিগত জীবনে আমার কোনও সমস্যা হলেও উদয়দার থেকে পরামর্শ চাই’, বললেন ঈশানী।
পিয়ালী দাস