


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলের পানশালায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। রবিবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। তরুণীর অভিযোগ, পানশালা থেকে বেরনোর সময় এক যুবক তাঁকে অশালীনভাবে স্পর্শ করে। প্রতিবাদ করলে তরুণীর বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ। ওইদিনই পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তার ভিত্তিতে রবিবার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আরজি মঞ্জুর করেন। তরুণী পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতভর পার্টি চলে ওই পানশালায়। রাত ৩টে নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পানশালার দরজার সামনে শ্লীলতাহানির পাশাপাশি তরুণীকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। তরুণী চিৎকার করলে তাঁর বন্ধুও প্রতিবাদ করেন। অভিযোগকারিণীর দাবি, সেই সময় পানশালার এক কর্মী তাঁর বন্ধুকে মারধর করে। তাঁর চশমা ভেঙে দেয় অভিযুক্ত। তদন্তে নেমে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ।