


সংবাদদাতা, আলিপুরদুয়ার: বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দুই যুবককে। নিয়ম অনুযায়ী মেডিকেল টেস্টের জন্য তাদের হাসপাতালে আনা হয়েছিল। কাজ শেষে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। পুলিশের হেপাজত থেকে পালালো দু’জনই। আর এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে আলিপুরদুয়ার শহরে। ফেরার যুবকদের সন্ধানে শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান।
বাইক চুরির অভিযোগে গত রবিবার আলিপুরদুয়ারে জেলা সদরের চৌপথি থেকে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম রাজ তিরকি এবং ভিম মঙ্গর। দু’জনেরই বাড়ি কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগানে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের আজ আনা হয়েছিল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। দুপুরে ফেরার পথে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। শহরের মহাকাল ধাম এলাকায় বক্সা ফিডার রোডে পুলিশের হেপাজত থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত।