


নয়াদিল্লি, ২২ অক্টোবর: সাত দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর গতকাল বুধবার মুক্তি পেলেন সিজেপির দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। তবে আপাতত দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেবেন না বলে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে মুচলেকা দিয়েছেন তাঁরা।
আদালতের নির্দেশ অনুযায়ী, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস এই দুই সিজেপির নেতাকে ৫০ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ড ও জামিনদার সংক্রান্ত বন্ড জমা দিতে হয়েছে। তাঁদের বিরুদ্ধে চলা তদন্ত অবশ্য অব্যাহত থাকবে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য গত ১৩ অক্টোবর যন্তর মন্তরের বন্ধ গেট টপকে জাতীয় পতাকা তুলে প্রতিবাদ জানান আশুতোষ ও সৌরভ। যন্তর মন্তরকে নির্দিষ্ট প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি ছিল। এর আগে ১০ অক্টোবর নির্বাচনী অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দেওয়ার পর তাঁদের আটক করা হয়েছিল। পুলিশের অভিযোগ পরবর্তী ঘটনায় তাঁরা আগের শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গ করেন। গতকাল আদালত থেকে বেরিয়ে সৌরভ দাস জানান সত্যের জয় হয়েছে। অপরদিকে সিজেপির অভিযোগ, দুই নেতাকে হেফাজতে রাখতেই শুনানি প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছিল। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছে ককরোচরা।