


রোম, ১৯ এপ্রিল: ইতালির বার্গামো প্রদেশের কোভো শহরে শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনায় নিহত দুই ভারতীয় শিখ নাগরিক। স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৫০ মিনিট। একটি গুরুদ্বারে প্রার্থনা শেষ করে তাঁরা বাইরে বের হতেই তাদেরকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একটি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায়। প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত গাড়িতে করে পালিয়ে যায়। দুই নিহত রাজিন্দর সিং এবং গুরমিত সিং। তাঁরা দু’জনেই গুরুদ্বারার সেবায়েত ছিলেন। গুরুদ্বার থেকে বের হওয়ার সময়ই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই দু’জন ছাড়াও এই হামলায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে কোভোতে গুরুদ্বারে অনুষ্ঠিত বৈশাখী অনুষ্ঠান বাতিল করতে হয়। নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসন ও আয়োজকরা এই সিদ্ধান্ত নেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতার সম্পর্ক থাকতে পারে। নিহত দু’জনেই পরিবারপ্রধান ছিলেন। রাজিন্দর সিংয়ের তিনটি সন্তান রয়েছে, আর গুরমিত সিংয়ের দুই সন্তান। এই ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে, এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।