


শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে নিহত হয়েছেন কমপক্ষে ২৬ জন পর্যটক। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত ভূস্বর্গ। এবার নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে খতম ২ জঙ্গি। বুধবার সকালে এলওসি-তে অনুপ্রবেশের চেষ্টা হতেই গুলি চালায় ভারতীয় বাহিনী। যার জেরে নিকেশ হয়েছে কমপক্ষে ২ জঙ্গি।
ভারতীয় সেনার চিনার কর্পস-এর তরফে জানানো হয়েছে, বুধবার ২-৩ জন বারামুল্লা জেলার উরি সেক্টরের কাছ থেকে এলওসি লঙ্ঘনের চেষ্টা করছিল। ভারতীয় বাহিনী তাদের থামতে বলাতেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ২ জঙ্গি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গতকালই দুপুর আড়াইটা নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। যার জেরে মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। ঘটনা দেশে-বিদেশে নিন্দার ঝড়। হাই আল্যার্টে রয়েছে নিরাপত্তা বাহিনী। তারই মধ্যে ২ জঙ্গিকে খতম করে বর্ডারে অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা।