


নয়াদিল্লি, ৬ এপ্রিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মিলল খুশির খবর। হরমুজ পেরিয়ে ভারতে আসছে আরও ২টি গ্যাসের ট্যাঙ্কার। এই দুটি জাহাজের নাম গ্রিন আশা এবং গ্রিন সানভি। সূত্রের খবর, এই দুটি ট্যাঙ্কারই এলপিজি গ্যাস নিয়ে ভারতের বন্দরের দিকে আসছে। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে হরমুজ প্রণালীও। তবে জগ বিক্রম নামের ভারতীয় পতাকাবাহী একটি গ্যাসের ট্যাঙ্কার এখনও পর্যন্ত হরমুজের কাছেই আটকে রয়েছে বলে জানা যাচ্ছে।
এখনও পর্যন্ত হরমুজ পেরিয়ে ভারতে এসেছে শিবালিক, নন্দাদেবী, পাইন গ্যাস-সহ মোট ৬টি গ্যাস ভর্তি ট্যাঙ্কার। গ্রিন আশা এবং এবং গ্রিন সানভি দেশে ফিরলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৮-টিতে। এই দুটি ট্যাঙ্কার ফিরলে দেশে গ্যাস সরবরাহ নিয়ে হওয়া উদ্বেগের পরিবেশও বেশ খানিকটা কমবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে, এর আগে ইরানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ভারত-সহ একাধিক বন্ধু দেশের জাহাজ-ট্যাঙ্কারকে হরমুজ প্রণালীতে চলাচল করতে দেওয়া হবে। সেই মতোই একে একে হরমুজ পেরিয়ে দেশে ফিরছে ভারতীয় পতাকাবাহী জাহাজ-ট্যাঙ্কারগুলি।