


নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাসন্তী হাইওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত-র গাড়ির সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু হল দুই টোটোযাত্রীর। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাধারে পড়ে যায় স্করপিওটি।
বুধবার দুপুরে বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে সেই সময় গাড়িতে ছিলেন না তৃণমূলের প্রাক্তন বিধায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টের পুলিশ। সঙ্গে সঙ্গে দুই টোটোযাত্রীকে উদ্ধার করে তাঁদের মিনাখাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় এলাকায়। আহতদেরকেও এদিন প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে সেখান থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত জানান, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য তিনি চালককে গাড়ি নিয়ে আসার কথা বলেছিলেন। দুটি টোটোর রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন প্রাক্তন বিধায়ক। তবে চওড়া রাস্তায় কীভাবে এই সংঘর্ষ ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠেছে।