


ম্যাঞ্চেস্টার: গত কয়েক বছরে কখনও এক পয়েন্ট, তো কখনও তিন পয়েন্টের জন্য লিগ খেতাব হাতছাড়া করে আর্সেনাল। প্রতিবারই শুরুটা দারুণ করেও শেষ ল্যাপে হোঁচট খেয়েছে মিকেল আর্তেতা ব্রিগেড। এবারও যেন সেই একই চিত্র। একটা সময় দ্বিতীয় স্থানে থাকা ম্যাচ সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে ছিলেন গানাররা। তবে ফেব্রুয়ারিতে ব্রেন্টফোর্ড আর উলভসের বিরুদ্ধে পরপর ড্র। আর গত ম্যাচে বোর্নমাউথের কাছে হেরে লিগ জয়ের পথ নিজেরাই কঠিন করে তুলেছেন ওডেগার্ডরা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রবলভাবে খেতাবি লড়াইয়ে ফিরেছে ম্যান সিটি। বর্তমানে দু’দলের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৬। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে হালান্ডের সংগ্রহ ৬৪। অর্থাৎ, রবিবার এতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে হারালেই এই ব্যবধান আরও কমবে। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও অঘটন চাইছেন না মিকেল আর্তেতা।
কয়েকদিন আগেই লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারিয়ে খেতাব ঘরে তোলে পেপ ব্রিগেড। এবার ইপিএলের লড়াইয়েও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য সিটিজেনদের। গুয়ার্দিওলা অবশ্য প্রতিপক্ষকে বেশ গুরুত্ব দিচ্ছেন। পেপ বলেন, ‘রবিবারের লড়াইটা অন্যতম কঠিন হতে চলেছে। কারণ এই ম্যাচ হারলেই কার্যত সব শেষ।’ দীর্ঘ সময় বাদে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াইয়ে রয়েছে আর্সেনাল। ইতিমধ্যেই ইউরোপ সেরার লড়াইয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি। আর্তেতা অবশ্য সেসব নিয়ে ভাবতে নারাজ। তাঁর লক্ষ্য, রবিবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।
ম্যাচ শুরু রাত ৯টায়। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।