


দোহা: আমেরিকা-ইরান বৈঠক নিয়ে ফের অনিশ্চয়তা। মধ্যস্থতাকারী কাতার স্পষ্ট জানিয়েছে, দোহায় আপাতত ওয়াশিংটন-তেহরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন, আগামী দিনে দুই দেশের প্রতিনিধিদের সরাসরি এক টেবিলে বসার সম্ভাবনা নেই। একই কথা শোনা গিয়েছে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মুখেও। তেহরানে তিনি সাফ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হচ্ছে না। পাশাপাশি লেবানন ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছেন বাঘাই। তিনি বলেন, লেবাননে হামলা বন্ধে আমেরিকাকে অবশ্যই প্রতিশ্রুতি পালন করতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে ইজরায়েলকেও এব্যাপারে চাপ দিতে হবে।
সোমবার বিকেলে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফের একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিল তেহরান। মঙ্গলবার সেই বৈঠককে হবে দোহায়। কিন্তু আগেই এধরনের আলোচনার কথা অস্বীকার করেছিল ইরান।
এদিকে, হরমুজ নিয়ে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে তেহরান। বাঘাইয়ের মতে, এই অঞ্চলে বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। পাশাপাশি হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর বিষয়টি সমঝোতা চুক্তিতে লিপিবদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৭ জুন সুইজারল্যান্ডে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা ‘মউ’ স্বাক্ষরিত হয়। কিন্তু গত বৃহস্পতিবার ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চলে হামলা, পালটা হামলা। তবে দুই পক্ষই আপাতত সংঘর্ষ বন্ধ রাখতে রাজি হয়।