


সুগারের চেনা লক্ষণ সকলেই জানেন। কিন্তু এই রোগের এমন কিছু উপসর্গ আছে, যেগুলো খুব একটা প্রচলিত নয়। কী সেসব? জানালেন কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ রানা ভট্টাচার্য।
ডায়াবেটিস বা সুগার। ভারতের স্বাস্থ্যভাবনায় সবচেয়ে দুশ্চিন্তায় রাখা অসুখ। মধ্যবিত্ত ঘরে ইদানীং হানা দিচ্ছে সুগার। এই অসুখ শরীরে বাসা বাঁধলে সহজে বোঝা যায় না, রোগী টের পান না ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। তাই রক্তপরীক্ষার যে প্রয়োজন আছে, সেটাই রোগী বোঝেন না। এটাই ডায়াবেটিসের প্রধান সমস্যা। অথচ এই অসুখ যত দ্রুত ধরা পড়বে, ততই তা রোগীর জন্য শ্রেয়। সাধারণত বারবার জল তেষ্টা, ঘন ঘন প্রস্রাবের প্রকোপে ঘুম ভাঙা, ক্লান্তি বেড়ে যাওয়া, দুর্বলভাব এগুলো ডায়াবেটিসের প্রচলিত উপসর্গ। তবে এই অসুখের বেশ কিছু অপ্রচলিত বা অচেনা উপসর্গও ঘাপটি মেরে থাকে শরীরে। তেমনই কিছু উপসর্গ জেনে রাখুন।
১. অস্টিওপোরোসিস: হাড়ের ঘনত্ব কমিয়ে তাকে ক্ষয়িষ্ণু করে তোলে অস্টিওপোরোসিস। ডায়াবেটিস, বিশেষ করে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস হাড়ের গঠন ও শক্তিকে প্রভাবিত করে। রক্তে শর্করা বেড়ে গেলে হাড়ের ঘনত্বও হ্রাস পায়। ডায়াবেটিসের প্রভাবে হাড়ের ক্ষয়কারী কোষ বাড়ে। তাই অস্টিওপোরোসিসের অকাল প্রকোপ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। এই সমস্যায় অল্প চোটেই হাড় ভেঙে যেতে পারে ।
২. গ্যাস্ট্রো প্যারেসিস: পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত খাদ্যের চলাচলের গতি কমে যায় বা বন্ধ হয়ে যায় এই অসুখে। শরীরে অজ্ঞাতসারে দীর্ঘদিন ডায়াবেটিস বাসা বাঁধলে পাকস্থলীর স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ফলে পাকস্থলী খাদ্যকে নীচের দিকে নামাতে পারে না। ফলে বমিভাব, পেট ফাঁপা, বা কোষ্ঠকাঠিন্য হতে পারে।
৩. মাড়িতে সংক্রমণ: ডায়াবেটিসের প্রভাবে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। দাঁতের গোড়া আলগা হয়ে দাঁত পড়ে যাওয়া, মাড়িতে নানারকম সংক্রমণ এইসবও ডায়াবেটিসের কারণে হতে পারে। তাই অজ্ঞাতসারে শরীরে ডায়াবেটিস থাবা বসালে দাঁত ও মাড়িতে সংক্রমণ দেখা যায়।
৪. ইউরিনারি ব্লাডারে সমস্যা: ডায়াবেটিস হলে ইউরিনারি ব্লাডারে তার প্রভাব পড়ে। ডায়াবেটিস স্নায়ুর ক্ষতি হয়। ফলে মূত্রাশয়ের পেশি ও স্ফিংটার প্রভাবিত হয়। ফলে ইউরিনারি ব্লাডারে নানা সমস্যা হয় ও ইউরিন নিয়ন্ত্রণ করা যায় না বা প্রস্রাব বাধাপ্রাপ্ত হয়।
৫. ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন: ডায়াবেটিসের প্রকোপে অনেক সময় সেক্সুয়াল ক্ষেত্রে মহিলাদের নানা সমস্যা দেখা দিতে পারে। মেনোপজের অনেক আগেই সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এই লক্ষণও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার উপসর্গ হতে পারে।
৬. ত্বকের সমস্যা: ডায়াবেটিসের পূর্ব লক্ষণ হিসেবে ঘাড়ের চারপাশে কালো ছোপ দেখা দিতে পারে। শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। চুলকানির সমস্যা দেখা দিতে পারে। কোনও ক্ষেত্রে ত্বকে নানারকম ইনফেকশন হতে পারে ।
তাই হঠাৎ ত্বকে এমন সমস্যা হলে ডায়াবেটিস টেস্ট করার পরামর্শ দেওয়া হয়।
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়