


সংবাদদাতা, বোলপুর: পটকা ফাটানোকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে অশান্তি ছড়ায় শান্তিনিকেতনে। বচসায় জড়িয়ে পড়েন বিশ্বভারতীর পূর্বপল্লি সিনিয়র বয়েজ হোস্টেলের আবাসিক পড়ুয়াদের একাংশ। সে সময় প্রক্টর অফিসে ফোন করেও দ্রুত সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরে ক্ষুব্ধ ছাত্ররা উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে এগিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, সে সময় পড়ুয়াদের মধ্যে কয়েকজন মাঝের গেট টপকে যাওয়ার চেষ্টা করেন। স্বভাবতই বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এর ফলে দু’পক্ষের মধ্যে শুরু হয় চাপানউতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। পরে প্রক্টর অফিসের আধিকারিকরাও পূর্বপল্লি বয়েজ হোস্টেলে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন। গভীর রাত পর্যন্ত চলে আলোচনা। শেষ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।