


সংবাদদাতা, কাটোয়া: বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে অশান্তির অভিযোগকে ঘিরে ধুন্ধুমার গুসকরাতে৷ থানায় অভিযোগ জানানোর পর শনিবার সন্ধ্যেয় গুসকরা পুলিশ ফাঁড়িতে দু' পক্ষকেই ডাকা হয়েছিল৷ সেখানেই চরম উত্তেজনা ছড়ায়৷ শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বচসা ৷ এরপরেই পুলিশ অফিসারদের ধাক্কা দেওয়া হয়৷ উর্দি ছিঁড়ে দেওয়া হয়৷ লাঠি, ইঁট, রড নিয়ে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷ গুসকরা ফাঁড়ির ইনচার্জ সহ বেশ কয়েকজন৷ আক্রান্ত হন৷ তাঁদের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে চিকিৎসা করানো হয়৷ ঘটনার জেরে ২৫ জনকে আটক করা হয়। এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম-১ ব্লকের দিগনগর -২ পঞ্চায়েতের লক্ষ্মীগঞ্জ কলোনীর ঘটনা৷ শুক্রবার সেখানে ঝামেলা হয়৷ অভিযোগ ওঠে, বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক স্বপ্না বাছারের সঙ্গে নাকি বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৫ নম্বর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ওরফে বিল্টু মজুমদারের৷ এরপর গ্রামে শুক্রবার রাতে ঝামেলা অশান্তি হয়৷ দু' জনকেই পদ থেকে সরানোর দাবি ওঠে। বিল্টু গ্রামের বেশ কয়েকজনের নামে গুসকরা ফাঁড়িতে অভিযোগ জানান৷ তাঁর দাবি কোনও সম্পর্ক নেই৷ মিথ্যা অভিযোগ তুলে বদনামের চেষ্টা করা হচ্ছে৷
এরপর এদিন সন্ধ্যায় ওই অভিযোগ ঘিরে দু' পক্ষকেই ডেকে পাঠানো হয় গুসকরা ফাঁড়িতে৷ সেখানে লক্ষ্মীগঞ্জ কলোনী থেকে প্রায় ৫০-৬০ জন বাসিন্দা চলে আসেন৷ তাঁরা রীতিমতো পুলিশ অফিসারের সঙ্গে বচসা শুরু করে দেন৷ তাঁরা দাবি তোলেন দুই পরিবারই ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক৷ এরপরেই উত্তেজিত হয়ে পুলিশের উপরেই হামলা চালায়। সেখানে পুলিশ অফিসারদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়৷ ইঁট ছুঁড়তে থাকে গুসকরা ফাঁড়ি লক্ষ্য করে৷ উর্দি ছিঁড়ে দেওয়া হয়৷ কোনওমতে পরিস্থিতি সামলে ক্ষিপ্ত জনতাকে বাইরে বের করে দেওয়া হয়। তবে ঘটনায় চার-পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে ঘটনা নিয়ে কেউ মুখ খুলতে রাজি নয়৷ পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।