


নিজস্ব প্রতিনিধি, মালদহ: অসময়ে বৃষ্টির ফলে লিচুর ফলনে জোর ধাক্কা খাওয়ার আশঙ্কা বাড়ছে মালদহে। লিচুর মুকুল ধরার পরিবর্তে নতুন পাতা গজিয়েছে গাছে। যার ফলে জেলায় প্রায় ৫০ শতাংশ ফলন মার খাওয়ার সম্ভাবনা।
মালদহ জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, অক্টোবরের শেষের দিকে বৃষ্টির কারণে লিচু গাছে মুকুল ধরার পরিবর্তে নতুন পাতা গজিয়ে যায়। সেজন্য জেলার প্রায় ৫৫ শতাংশ গাছে মুকুল আসেনি। ফলে এবছর ফলন কম হবে। সেই সঙ্গে বাজারে লিচুর দামও একটু বেশি থাকবে বলে মনে হচ্ছে।
মালদহ জেলায় ১৫টি ব্লক। এর মধ্যে কমবেশি ১৩টিতে আমের বাগান রয়েছে। লিচু বাগান মালদহে তুলনামূলক কম। জেলার মাত্র পাঁচটি ব্লকে লিচু বাগান আছে। এর মধ্যে বেশি বাগান মালদহ সদর মহকুমার কালিয়াচক-১, ২ ও ৩ ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি, চাঁচল মহকুমার রতুয়া-১ ও ২ ব্লকেও লিচু বাগান রয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মালদহ জেলায় এক হাজার পাঁচশো সত্তর হেক্টর জমিতে লিচু বাগান আছে। জেলার প্রায় পাঁচ হাজার চাষি লিচু চাষের সঙ্গে যুক্ত।
জেলায় প্রতি বছর গড়ে প্রায় ১৫ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়। ২০২৫-’২৬ অর্থবর্ষেও মালদহে ১৪ হাজার মেট্রিক টনের বেশি লিচুর ফলন হয়েছিল। এর ফলে মরশুমের শুরু থেকেই বাজারে যেমন লিচুর পর্যাপ্ত যোগান ছিল, পাশাপাশি দামও ছিল নিয়ন্ত্রণে। জামাইষষ্ঠীর সময়ই মরশুমের প্রথম আম এবং লিচু পাওয়া যায়। শুরুতেই আমের দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও দিন কয়েকের মধ্যে নেমে যায়। উদ্যানপালন দপ্তরের বিশেষজ্ঞদের আশঙ্কা, এবারের জামাইষষ্ঠীর বাজারে লিচুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি থাকার সম্ভাবনা।