


সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: লাঠি, পেলেট গান, কাঁদানে গ্যাসেই থেমে নেই। বিহারে বিক্ষোভরত ছাত্র-যুবর মিছিল লক্ষ্য করে চলেছে গুলিও! তাও একে-৪৭ থেকে। আট-দশ রাউন্ড। তাতে আহতও হয়েছে কয়েকজন। হাসপাতালে কাতরাচ্ছে ১৫ বছরের মহম্মদ আরিফ। ঘটনার প্রতিবাদে ফুঁসছে বিরোধীরা। অমিত শাহের জবাবদিহি তো বটেই, ইস্তফার দাবিতে সোমবার উত্তাল হল সংসদ। চাপে পড়ে ভাইরাল ভিডিওতে গুলি চালাতে দেখা অভিষেক প্যাটেলকে বরখাস্ত করা হল। বিহার পুলিশের সিওয়ান জেলার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ইউনিটের কনস্টেবল তিনি।
‘ককরোচ জনতা পার্টি’র যন্তরমন্তরের বিক্ষোভের আগুন ছড়িয়েছে বিহার থেকে বাংলা। একদিকে যখন দিল্লিতে মোদি সরকার মাথা নত করে ছাত্র-যুবর দাবি মেনে নিচ্ছে, তখন বিহারে একে-৪৭ থেকে গুলি ছুড়ছে ডাবল ইঞ্জিন পুলিশ। এগিয়ে গিয়েছে পিস্তল উঁচিয়ে। এমনকি, গুলি চলার কথা স্বীকার করে নিয়েছেন সিওয়ান জেলার এসপি পূরণ কুমার ঝা নিজেও। আর সেই স্বীকারোক্তির খবর আসা মাত্র প্রতিবাদে ফুঁসে উঠেছে বিরোধীরা। বিরোধীদের প্রশ্ন, ছাত্র দরদ দেখাতে সোশ্যল মিডিয়ায় প্রায় ক্ষণে ক্ষণে ভিডিও বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদে কেন আসছেন না? তাই ‘প্রধানমন্ত্রী সদন মে আও, অমিত শাহ ইস্তফা দো’ স্লোগানে সদন উত্তাল করল বিরোধীরা। সকালে সংসদ চত্বরে বিক্ষোভ। পরে লোকসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। ক্ষণে ক্ষণে সভা মুলতুবি। হট্টগোলেই প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং পেশ করলেন ‘দ্য পাবলিক এগজামিনেশনস’ ২০২৬ সংশোধনী বিল (প্রিভেনশন অব আনফেয়ার মিনস)। সোমবারই তা পাশ করানোর চেষ্টা চলল। কিন্তু অনড় বিরোধীরা। যদিও স্পিকারের মধ্যস্থতায় আজ, মঙ্গলবার বিলটি নিয়ে চর্চা হবে। রাজি কংগ্রেস। অংশ নেবেন গৌরব গগৈ, রাহুল গান্ধী। সরকার পক্ষে বক্তব্য রাখতে পারেন স্বয়ং মোদি।