


সানা, ২৮ এপ্রিল: ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা। ঠিক যখন থেকে ইজরায়েল ও তাঁর বন্ধু রাষ্ট্রগুলির পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। তখন থেকেই লোহিত সাগরে শান্তি ফেরাতে ও হুথিদের দমনে লাগাতার ইয়েমেনে তাদের ঘাঁটি লক্ষ্য করে এয়ারস্ট্রাইক করছে ওয়াশিংটন। এবার ইয়েমেনের সাডা শহরে একটি কারাগারে এয়ারস্ট্রাইক চালানোর অভিযোগ উঠল আমেরিকার বিরুদ্ধে। আজ, সোমবার সেই অভিযোগ করেছে হুথি জঙ্গি গোষ্ঠী। তাদের দাবি, আমেরিকার এই হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৮ জনের। জখম ৪৭।
জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। আর মৃত ও জখম ব্যক্তিরা সকলেই আফ্রিকার পরিযায়ী শ্রমিক বলে দাবি হুথিদের। যাঁদের গ্রেপ্তার করে সাডা শহরের ওই কারাগারে রেখেছিল পুলিস। হুথিরা জানিয়েছে, মার্কিন সেনা যখন হামলা চালায় সেই সময়ে ওই কারাগারে ছিলেন ১১৫ জন পরিযায়ী শ্রমিক। যদিও হুথিদের এই অভিযোগের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুখ খোলেনি আমেরিকা। গাজায় লাগাতার ইজরায়েলি সেনার হামলার বিরুদ্ধে ও হামাস জঙ্গি গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হুথি। বেশ কয়েকমাস ধরেই তারা লোহিত সাগরে ইজরায়েল ও তাঁর বন্ধু রাষ্ট্রগুলির পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হামলা চালাচ্ছে। যা প্রতিহত করতে লোহিত সাগরে সেনা পাঠায় আমেরিকা এবং ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে এয়ারস্ট্রাইক করতে থাকে তাঁরা।