


ওয়াশিংটন, ২৪ ডিসেম্বর: দক্ষতাই হবে মাপকাঠি, আর লটারির মাধ্যমে এইচ-১ বি ভিসা পাওয়া যাবে না মার্কিন মুলুকে। এমনই নতুন নিয়ম চালু করল ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এইচ-১ বি ভিসার নিয়মে বদলের কথা ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে, প্রচলিত লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের এইচ-১ বি ভিসা দেওয়ার পথে হাঁটা হবে। এই ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি ঠিক করা হয়েছে, যার মধ্যে দক্ষতা ও বিদেশি কর্মীদের বেতনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এইচ-১ বি ভিসা পাওয়ার ক্ষেত্রে।
যে বিদেশি নাগরিকের দক্ষতা ও উচ্চহারে বেতন রয়েছে তিনিই অগ্রাধিকার পাবেন। এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরও সুরক্ষিত হবে। এমনটাই মনে করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ভিসার এই নয়া নিয়ম চালু হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, উচ্চহারে বেতন পাওয়া বিদেশি নাগরিকরা দক্ষ হবেন। তাই তারা ভিসা পেলে আদপে সুবিধা হবে কোম্পানিগুলির। আলাদা করে দক্ষতার জন্য বাছাই বা ইন্টারভিউ প্রক্রিয়া করতে হবে না।