


ওয়াশিংটন ও তেহরান: ইরানে ফের হামলা চালাল আমেরিকা। মঙ্গলবার দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেনা। তেহরান জানিয়েছে, সিরিকের কুহেসতাক শহরের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই জনসমাগমে একটি মিসাইল আছড়ে পড়ে। তাতে এক শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এছাড়া চাবাহার ও কোনারাক এলাকা ও কেরমানের একটি বিমানবন্দরেও হামলা চালিয়েছে মার্কিন সেনা। ঘটনার পরেই বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরানও। যার জেরে দেশগুলিতে সতর্কবার্তা জারি করা হয়। সুপ্রিম লিডার মোজতবা খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটনকে এমন শিক্ষা দেবেন, যা তারা কোনোদিন ভুলতে পারবে না।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারই প্রতিক্রিয়া হিসাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এক্স হ্যান্ডলে লিখেছেন, নতুন করে এই হামলার জন্য আমেরিকাকে পস্তাতে হবে। তবে সেন্টকমের দাবি, তারা কোনোদিনই সাধারণ মানুষকে টার্গেট করেনি। এক্ষেত্রেও সামরিক পরিকাঠামোতেই হামলা চালানো হয়েছে। হামলার পর ছড়িয়ে আছে ধ্বংসচিহ্ন।