


তেহরান: মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে আক্রান্ত হয় তিনটি বাণিজ্যিক জাহাজ। যার একটি ছিল ভারতমুখী। জাহাজটি কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে ভারতে আসছিল। আমেরিকার দাবি ছিল এই হামলার পিছনে রয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড।
এবার এই তিন জাহাজের ওপর ড্রোন হামলার প্রত্যাঘাত করলো মার্কিন সেনা। বুধবার ভোর থেকে ইরানের একাধিক জায়গায় ক্ষেপনাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই খবরে সীলমোহর দিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সে দেশের দক্ষিণাঞ্চলে মূলত হামলার ঘটনা ঘটেছে। ইরানের শিরিক শহরে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শুধু সিরিকেই নয়, ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার দায় ইরানের আর তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হরমুজে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলার নিন্দা করে আমেরিকা বলেছে এই আগ্রাসন অযৌক্তিক বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।