


ওয়াশিংটন: রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতের উপর ৫০০ শতাংশ শুল্ক চাপাতে বলেছিলেন তিনি। ইরানে মার্কিন হামলার পিছনেও তাঁরই হাত ছিল বলে জানা যায়। শনিবার সন্ধ্যায় প্রয়াত সেই বহু চর্চিত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। শনিবার সন্ধ্যায় ট্রাম্প ঘনিষ্ঠ এই রিপাবলিকান নেতার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭১ বছর। গ্রাহামের অফিসের তরফে জানানো হয়েছে, আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। গ্রাহামের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘গ্রাহাম সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। উনি সত্যিই একজন দেশপ্রেমী ছিলেন। অত্যন্ত দুঃখজনক খবর। ওঁর অভাব বোধ করব।’ ২০০২ সালে প্রথমবার সেনেটের সদস্য হিসাবে নির্বাচিত হন গ্রাহাম। তারপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে ফের পুনর্নিবাচিত হন এই রিপাবলিকান নেতা।