


ওয়াশিংটন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ করতে আমেরিকা এতদিন ৫০০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিল। এবার সেই অবস্থান থেকে খানিকটা সরে এসে মার্কিন সেনেটে নতুন একটি বিল আনা হচ্ছে যেখানে শুল্কের হার কমিয়ে সর্বোচ্চ ১০০ শতাংশ করা হচ্ছে। প্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথালের উদ্যোগে আনা এই বিলটির মূল লক্ষ্য হল রাশিয়ার জ্বালানি বিক্রি কমিয়ে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। বিলটিতে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হচ্ছে রাশিয়ান তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর। আমেরিকার সেনেট সূত্র বলছে, রাশিয়ান ক্রুডের প্রথম সারির ক্রেতা হল চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান। আর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে তালিকায় আছে চীন, ফ্রান্স, জাপান, হাঙ্গেরি ও বেলজিয়াম। নতুন বিল অনুযায়ী এই দেশগুলোকেই মূলত টার্গেট করা হচ্ছে।
সেনেটের এক সদস্য জানিয়েছেন, বিলটির পক্ষে ইতিমধ্যেই ২৬ জন সেনেটরের সমর্থন আছে এবং এটি পাস হওয়ার সম্ভাবনা প্রবল।এই বিল শুধু শুল্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা খাত, জ্বালানি খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং শ্যাডো ফ্লিট বা সেই সব পুরনো মডেলের তেলবাহী জাহাজ যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার জন্য রাশিয়া ব্যবহার করে তার ওপরও নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্ত করা হয়েছে। এই বিল নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই এই চাপের রাস্তা বেছে নিচ্ছে ওয়াশিংটন।