


নিজস্ব প্রতিনিধি, তমলুক: ইস্তফা দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। আজ, শুক্রবার মেদিনীপুরে ডিভিশনাল কমিশনার অফিসে গিয়ে তিনি ইস্তফা দেন। গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকে অফিসে আসছেন না সভাধিপতি। তিনি এবার চণ্ডীপুর বিধানসভা থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। ২০২৩ সালে ভোটের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সভাধিপতি হয়েছিলেন উত্তম। এবার পালাবদলের পর জেলা পরিষদে আর তিনি আসেননি। এদিকে, জেলা পরিষদ ভবন জুড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকাররে ফ্লেক্স দিয়ে ছয়লাপ করে দেন বিজেপি নেতা-কর্মীরা।
সভাধিপতি ইস্তফা দেওয়ায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নির্বাচিত বোর্ডের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হল। গত কয়েকদিন এই জেলায় পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধানরা ইস্তফা দিচ্ছেন। কিন্তু, শুক্রবার স্বয়ং সভাধিপতি নিজের পদ থেকে সরে দাঁড়ালেন। এবার প্রশাসক নিয়োগ করে জেলা পরিষদের কাজকর্ম চালানো হবে বলে সূত্রের খবর।