


নিউ ইয়র্ক: ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভেনাস উইলিয়ামস। ৪৫ বছর বয়সে তিনি গাঁটছড়া বাঁধলেন ইতালির অভিনেতা আন্দ্রে প্রেটির সঙ্গে। গত ১৮ সেপ্টেম্বর গোপন পারিবারিক অনুষ্ঠানে চার হাত এক হয়েছে। ফ্লোরিডায় পাম বিচে হয় বিয়ের অনুষ্ঠান। সেই খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন ভেনাসের বোন সেরেনা উইলিয়ামস। সামাজিক মাধ্যমে নবদম্পতির ছবি পোস্ট করে দু’জনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরেনাও।
সামাজিক মাধ্যমে করা সেরেনার পোস্টে রয়েছে আবেগঘন বার্তা। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বোন লেখেন, ‘ভেনাস, কোথা থেকে শুরু করব? ছোটবেলায় বাড়ির উঠোনের টেনিস কোর্ট থেকে বিশ্বের বিভিন্ন মঞ্চে আলো ছড়িয়েছ তুমি। তোমার থেকেই প্রতিনিয়ত অনুপ্রেরণা পেয়েছি আমি। তুমি অনেক বড় মনের মানুষ। এবার তোমার জীবনের নতুন অধ্যায়ের সূর্যোদয় দেখছি।’