


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে ধোঁয়াশা কাটল! আগামী কাল, সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। মূলত যাঁদের নথির ব্যাপারে নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের নাম তালিকায় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। আর তারপরই অতিরিক্ত তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির হল। শুধু তাইই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে। বিষয়টি নিয়ে যাতে এলাকায় এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেব্যাপারে নবান্নের তরফে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে জেলাশাসকদের।
কমিশন সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত মোট ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন ভোটারের নথির নিষ্পত্তি হয়েছে। আজ, রবিবার সেই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে প্রথম তালিকায় ২৮ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়া সম্ভাবনা। জানা যাচ্ছে, সোমবার প্রকাশিতব্য প্রথম অতিরিক্ত তালিকায় দুটি ‘কলাম’ বা দু’টি ভাগে নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারের নাম। এবং অন্য কলামে ‘ডিলিটেড’ ভোটার অর্থাৎ যাঁদের নাম বাদ যাবে, তাঁদের তালিকা। প্রতি সপ্তাহেই এরকম ভাগে ভাগে তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গ ও ভিনরাজ্য মিলিয়ে সাতশোর বেশি বিচারক নথি নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন। কাজে গতি বেড়েছে দ্বিগুণ। এখন দিনে গড়ে প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। ফলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ‘অ্যাডজুডিকেশন’ তালিকা পুরোপুরি যাচাই করে নিষ্পত্তির কাজ শেষ হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভোটের মনোনয়ন পর্বের মধ্যেই শেষ হতে পারে যাবতীয় প্রক্রিয়া।
সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো শুক্রবার রাতেই বিচারাধীন ভোটারদের দাবি দাওয়া ও আপত্তি খতিয়ে দেখতে ‘ট্রাইবুনাল’ গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। রাজ্যের ২৩টি জেলার জন্য গঠন করা হয়েছে ১৯টি ট্রাইবুনাল। সেগুলির মাথায় থাকছেন ১৯ জন প্রাক্তন বিচারপতি। তাঁদের মধ্যে অন্যতম কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়রা। অতিরিক্ত তালিকায় যদি কোনো ভোটারের নাম বাদ যায় বা বিচারকদের সিদ্ধান্ত নিয়ে কারও আপত্তি থাকে, তিনি ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরেই অনলাইনে ও অফলাইন দুই উপায়েই সেখানে আবেদন করা যাবে। ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন ভোটার। অফলাইনে আবেদন করতে গেলে আর্জি জানাতে হবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে। সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।