


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মামলার নিষ্পত্তি হয়ে গেলেও আগামী তিন মাস তার নথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে রেখে দেওয়ার নির্দেশ দিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। মামলার বিষয় হল, পশ্চিমবঙ্গের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে চলছিল এই মামলা। রাজ্য-রাজ্যপাল মতবিরোধ চলতে থাকায় ২০২৪ সালের ৮ জুলাই শীর্ষ আদালত প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে গঠন করে ‘সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি।’ সেই কমিটির রিপোর্ট মেনে পরবর্তীকালে নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়ে গত ৮ মে মামলা নিষ্পত্তি করে দেয় শীর্ষ আদালত।
মুখবন্ধ খামে দেওয়া ললিতের নামের তালিকার সুপারিশ, তার মধ্যে থেকে একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু যদি কেউ তা চ্যালেঞ্জ করেন, তাই যাবতীয় নথি আপাতত তিন মাস রেজিস্ট্রিতে রেখে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রেজিস্ট্রি থেকেই প্রধান বিচারপতির বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করা হয়। আদালত সেই মতো নির্দেশ দিল। যা নিয়ে কোনো আপত্তি করেননি রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্যর আইনজীবী জয়দীপ মজুমদার। তিনি বলেন, সর্বোচ্চ আদালত যা সঠিক বলে মনে করবে, সেটিই শিরোধার্য।