


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমাকে প্রার্থী করার জন্য কৃতজ্ঞ।’ বুধবার সংবিধান সদনের ঐতিহাসিক ‘সেন্ট্রাল হলে’ দাঁড়িয়ে এই মন্তব্য করলেন বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডি। সম্মিলিত বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। আজ বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করবেন তিনি। তার আগে বুধবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে তাঁর সঙ্গে বিরোধী দলের সাংসদদের পরিচয় করানো হল। তাঁকে মাঝে রেখে বসলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে। পাশে সোনিয়া গান্ধী, শতাব্দী রায়। ছিলেন শারদ পাওয়ার, রামগোপাল যাদব, জন ব্রিটাস, আম আদমি পার্টির সঞ্জয় সিংও। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে নেই। তা সত্ত্বেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সঙ্গেই ভোট দেবেন আপের সাংসদরা। তাই এদিন সঞ্জয় সিংয়ের সঙ্গে করমর্দন করে বিশেষ ধন্যবাদ দিলেন সুদর্শন রেড্ডি।
নিজেকে সংবিধান রক্ষক এক সৈনিক আখ্যা দিয়ে বিরোধী সাংসদদের ভোট চাইলেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। ডান পকেট থেকে বের করলেন লাল কালো মলাটের সংবিধান। বললেন, গত ৫২ বছর এই বই আমার সঙ্গে থাকে। এটি শুধু একটি বই নয়, ভাবনা। আইডিয়া অব ইন্ডিয়া। যার ওপর এখন আক্রমণ হচ্ছে। আর তা রক্ষার লক্ষ্যে বিরোধীরা যেভাবে লড়ে যাচ্ছে, একই মনোভাব আমারও। তাৎপর্যপূর্ণভাবে রাম মনোহর লোহিয়ায় একটি উদ্ধতি উল্লেখ করে বি সুদর্শন রেড্ডি বললেন, যখন সড়ক স্তব্ধ হয়ে যায়, তখন গৃহ হয় প্রাণহীন। অর্থাৎ প্রতিবাদ, অধিকারের আদায়ের কণ্ঠস্বর বজায় রাখতে হবে সড়কে। তবেই দেশে বজায় থাকবে গণতন্ত্র। রেড্ডির এই তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনে সেন্ট্রাল হলে যেন পায়রা ওড়া হাততালির ঝড় বয়ে গেল।
বিরোধী শিবির সূত্রে জানা গিয়েছে, নিজের পক্ষে ভোট নিশ্চিত করতে বি সুদর্শন রেড্ডি কলকাতাতেও যাবেন। দেখা করবেন তৃণমূলনেত্রীর সঙ্গে। লোকসভা-রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের ৪১ সাংসদ, কংগ্রেস এবং সিপিএমের একজন করে থাকা সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আগামী ১৮ দিনে আরও কয়েকটি রাজ্যে যাবেন তিনি। উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। তারই প্রস্তুতি তুঙ্গে। বিরোধীদের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মনোনয়ন পেশ করতে তৈরি হচ্ছে প্রস্তাবনাপত্র। সেন্ট্রাল হলে যে পত্রে সই করেই রেড্ডির সঙ্গে সেলফি তুললেন শশী থারুর। একইভাবে ছবি তুলতে ভিড় জমালেন প্রিয়াঙ্কা গান্ধী, সুপ্রিয়া সুলে, ডিম্পল যাদবরাও। অন্যদিকে, এদিন সকালে এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণান পেশ করলেন মনোনয়ন। প্রস্তাবক হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এনডিএ প্রার্থীর হয়ে সমর্থন চেয়ে মোদি বিজেডি সভাপতি নবীন পট্টানায়েককে ফোন করেন। যদিও বিজেডি সাংসদরা ভোটদানে বিরত থাকবেন বলেই খবর।