


ইতালি সফরে যাওয়ার কথা ছিল অভিনেতা ভিকি কৌশলের। সৌজন্যে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। ৪৫ দিন ধরে এই শ্যুটিং শিডিউল ঠিক করে রাখা হয়েছিল। তবে পরিকাঠামোগত সমস্যার কারণে আপাতত ইতালি সফর বাতিল করতে হচ্ছে নির্মাতাদের। এতে অবশ্য সাময়িক স্বস্তি হয়েছে ভিকির। বাবা হতে চলেছেন তিনি। তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। ক্যাটরিনাকে সময় দেওয়াই এখন ভিকির প্রায়োরিটি। কাজ সামলে যতটা সম্ভব স্ত্রীকে সময় দিচ্ছেন তিনি। ইতালি সফর বাতিল হলেও শ্যুটিং বন্ধ রাখা হচ্ছে না। পরিচালক সঞ্জয়লীলা ঠিক করেছেন, ইতালির বদলে ছবির শ্যুটিং তিনি করবেন মুম্বইতেই। সেখানেই সেট ডিজাইনের মাধ্যমে ইতালির বিভিন্ন দৃশ্য তুলে ধরবেন পরিচালক। ইতিমধ্যে তার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে সেট ডিজাইন। শীঘ্রই ওই দৃশ্যগুলির শ্যুটিং শুরু হবে। এর ফলে কাজ ও পরিবার— দু’দিকই ব্যালান্স করতে পারবেন ভিকি। প্রসঙ্গত, এই ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। প্রথমবার একই ছবিতে দেখা যাবে তিন তারকার অভিনয়।