


মুম্বই, ২৩ সেপ্টেম্বর: জল্পনা চলছিলই। তাতে সিলমোহর পড়ল। অভিনেত্রী ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের সংসারে আসছে নতুন সদস্য। মা-বাবা হচ্ছেন তাঁরা। অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই দুই থেকে তিন হবেন ক্যাটরিনা-ভিকি। আজ, মঙ্গলবার তেমনটাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন অভিনেত্রী ক্যাটরিনা। এই বিষয়ে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি।
এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়াতে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। যাতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে সাদা পোশাকে ও স্বামী ভিকি, অভিনেত্রীর স্ফীতোদর ধরে আছেন। ২০২১ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন দুই তারকা। তারপরেই সিনেদুনিয়া থেকে ধীরে ধীরে দূরে চলে যান ক্যাটরিনা।