


চেন্নাই, ১৩ অক্টোবর: ‘রণবালী’ মুক্তির ঠিক আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। পর্দার বাইরে এই ত্রয়ীর সাক্ষাতের সেই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে। বিয়ের পর এই প্রথম বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই সেনসেশন শুরু হয়ে গিয়েছে ভক্তদের মনে।
সাক্ষাতের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন, ‘প্রিয় বিজয় থালাপতি স্যারের সঙ্গে ভীষণ সুন্দর সময় কাটালাম। সারাদিনের ব্যস্ততার পরেও তিনি আমাদের অত্যন্ত স্নেহের সঙ্গে স্বাগত জানিয়েছেন। তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। মাত্র একবারের সাক্ষাতেই তিনি আমার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন।’ অভিনেতা আরও বলেন, ‘পরবর্তী সাক্ষাতের অপেক্ষায় রইলাম, স্যার।’
অন্যদিকে, রশ্মিকা তাঁর পোস্টে লিখেছেন, ‘অনেকদিন পর আমি বিজয় স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাঁর একজন ফ্যান গার্ল থেকে শুরু করে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং আজ তিনি যে মুখ্যমন্ত্রী—সেটি ভেবে তাঁর প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতা প্রকাশ করা—সব মিলিয়ে তাঁর এই যাত্রা সত্যিই অসাধারণ!’
আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘রণবালী’। এই সিনেমায় বিজয় ও রাশ্মিকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। রিলিজের আগে প্রচারের কাজে ব্যস্ত দু’জনেই। এরই মাঝে আজ, মঙ্গলবার সকালে তাঁদেরকে অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতেও দেখা যায়।