


বেঙ্গালুরু: গত বছর জুনে আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয়ের উৎসবের মুহূর্ত বদলে যায় বিভীষিকাতে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহতের সংখ্যা বহু। এই ঘটনায় তোলপাড় হয় ক্রিকেট মহল। প্রশ্ন উঠেছিল চরম অব্যবস্থা এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে। সমালোচনা থেকে বাদ পড়েননি কোহলিরাও। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে আরসিবি কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার পর চিন্নাস্বামীতে বিরাট কোহলিদের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত কর্ণাটক সরকার শর্তসাপেক্ষে সবুজ-সংকেত দিয়েছে। তাই ২৮ মার্চ প্রিয় মাঠেই ছাব্বিশের আইপিএলে অভিযান শুরু করবেন রজত পাতিদাররা।
খেতাব ধরে রাখার জন্য বদ্ধপরিকর কোহলিরা। চলছে জোর প্রস্তুতি। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামের আনাচে-কানাচে কান পাতলে এখনও শোনা যায় স্বজনহারার কান্না। কোহলিদের মাঠে নামা নিয়ে উৎসাহ যেমন রয়েছে, তেমন চাপা অসন্তোষও কম নয়। আর তা ভালোই টের পাচ্ছেন আরসিবি কর্তৃপক্ষ। তাই এবারের কোটিপতি লিগে ১১জন নিহত সমর্থককে নানাভাবে শ্রদ্ধা জানানো হবে। বিরাট কোহলি, রজত পাতিদাররা ম্যাচের আগে প্র্যাকটিসের সময় এগারো নম্বর জার্সি পরে নামবেন। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশ পথে গড়ে তোলা হচ্ছে স্মৃতিসৌধ। খোদাই থাকবে নিহতদের নাম। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে গ্যালারিতে ১১টি আসন সংরক্ষণের সিদ্ধান্তও নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ম্যাচে ওই এগারোটি আসনের টিকিট বিক্রি করা হবে না। জানিয়েছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বেঙ্কটেশ প্রসাদ। প্রত্যেক আইপিএল মরশুমের আগে ‘আনবক্স’ ইভেন্ট করত আরসিবি। এই অনুষ্ঠানে ক্রিকেটারদের পরিচিতি করিয়ে দেওয়া হত সমর্থকদের সঙ্গে। কিন্তু এবার তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, গতবার ফাইনালের শেষ ওভারে টেনশনে ছিলেন বিরাট কোহলি। আরসিবি ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিয়োতে এমনই জানান ভিকে। বলেন, ‘শেষ ওভারের আগেই জানতাম, চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। তবুও একটা চাপা টেনশন কাজ করছিল। বারবার ভাবছিলাম, হ্যাজলউড যেন কোনওভাবে নো বল না করে। মনে হচ্ছিল, ওভারটা কখন শেষ হবে। কারণ, এর আগে তিনবার ফাইনালে ওঠে খালি হাতে ফিরেছি। তাই সেই আক্ষেপ মেটানোর তর সইছিল না।’ আসন্ন আইপিএলেও খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর আরসিবি। তবে সেই লড়াইয়ে যশ দয়ালকে ছাড়াই মাঠে নামবে তারা। যৌন নির্যাতন সহ একাধিক ফৌজদারি মামলা চলছে দয়ালের বিরুদ্ধে। তবে ২৮ বছর বয়সি পেসারের সঙ্গে এখনই চুক্তি ছিন্ন করা হবে না বলে জানিয়েছে আরসিবি কর্তৃপক্ষ। অজি পেসার হ্যাজলউড চোটমুক্ত হওয়ার চেষ্টা করছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত হ্যাজলউড স্কোয়াডে যোগ দেবেন।