


সংবাদদাতা, বোলপুর : শান্তিনিকেতনের পূর্বপল্লি এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ হওয়া নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগে বাঁশের ব্যারিকেড ও ড্রপ গেট বসানো হলেও এবার পাকাপাকি কংক্রিটের গেট তৈরি করে রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল আরও কঠিন হয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন তাঁরা। বিষয়টি নিয়ে আবারও ক্ষোভপ্রকাশ করেন বাসিন্দারা। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের পূর্বপল্লির একাধিক যাতায়াতের রাস্তায় ইতিমধ্যেই ড্রপ গেট বসানো হয়েছে। কোথাও আবার বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। কিছুদিন আগে তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ করে জেলাশাসকের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের বিভিন্ন জনসাধারণের ব্যবহৃত রাস্তায় নিরাপত্তারক্ষী সহ একাধিক ড্রপ গেট বসাতে শুরু করেছে। বর্তমানে অন্তত সাতটি জায়গায় এই ধরনের গেট ও ব্যারিকেড রয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে সম্প্রতি দেখা যাচ্ছে, বাঁশের ব্যারিকেড থাকা সত্ত্বেও তার পাশেই রাস্তা খুঁড়ে কংক্রিটের গেট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে বাসিন্দাদের আশঙ্কা, এবার হয়তো স্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে। এলাকার বাসিন্দা চৈতালি সরকার, কঙ্কনা দাস ও অর্পিতা সরকাররা বলেন, এই এলাকায় বহু প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ থাকেন। কংক্রিটের গেট তুলে দিলে তাঁদের রাস্তায় যাতায়াত আরও কঠিন হবে। আচমকা কোনো বিপদ ঘটলে অ্যাম্বুলেন্স বা দমকল ঢুকতে সমস্যা হবে। তাই আমরা চাই বন্ধ রাস্তা আগের মতো খুলে দেওয়া হোক।
জেলাশাসক ধবল জৈন জানান, অভিযোগপত্র পাওয়ার পর প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে। যদি সত্যিই কংক্রিটের গেট বসানোর কারণে মানুষের সমস্যা হয়, তবে বিষয়টি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
অন্যদিকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, বিশ্বভারতীর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাঁশের ব্যারিকেড বসানো হয়েছিল। সেই কারণেই স্থায়ী গেট তৈরি হচ্ছে। পূর্বপল্লিতে যাতায়াতের একাধিক বিকল্প রাস্তা রয়েছে এবং সেগুলির সংস্কারের কাজও বিশ্ববিদ্যালয় করছে। বাঁশের ব্যারিকেডের পর কংক্রিটের গেট নির্মাণের জন্য ভিত কাটা শুরু করেছে বিশ্বভারতী, শান্তিনিকেতনের পূর্বপল্লীতে।-নিজস্ব চিত্র