


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বভারতীর প্রায় ৬২ একর জমি জবরদখল হয়ে রয়েছে। সোমবার সংসদে এমনই তথ্য জানিয়েছে কেন্দ্র। এদিন লোকসভায় এই ব্যাপারে লিখিত প্রশ্ন করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিশ্বভারতীর ৬২.০২২৫ একর জমি জবরদখল হয়ে রয়েছে। জবরদখল মুক্ত করার জন্য ইতিমধ্যেই জেলা এবং রাজ্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আদালতে মামলাও হয়েছে। অন্যদিকে, নীতি আয়োগের রিপোর্টে সাম্প্রতিক মানচিত্র বিতর্ক নিয়ে এদিন রাজ্যসভায় লিখিত প্রশ্ন করেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জবাবে কেন্দ্র লিখিতভাবে জানিয়েছে, অনিচ্ছাকৃত ত্রুটি হয়েছিল। দৃষ্টিগোচর হওয়া মাত্রই শোধরানো হয়েছে।