


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শহরজুড়ে বাড়িতে গ্যাস সংযোগের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে। এই কাজ করতে গিয়ে বৃহস্পতিবার সকালে বারাকপুর-বারাসাত রোডের সুভাষনগর কলোনিতে জল সরবরাহের পাইপ ফেটে যায়। প্রবল গতিতে জল বেরতে থাকে। জলমগ্ন হয়ে পড়ে ব্যস্ততম বারাসাত রোড। লালকুঠি উড়ালপুল থেকে নেমে বারাসাত রোডের উপর জল জমে যাওয়ায় পথ চলতি মানুষ চমকে যান। বহু লোক ভিড় করেন।
সঙ্গে সঙ্গে পাইপলাইন বসানোর কাজ বন্ধ করা হয়। সুভাষনগর কলোনি এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সকালের দিকে বারাকপুর পুরসভার বেশ কিছু এলাকায় জল সরবরাহে বিপত্তি দেখা দেয়। খবর যায় বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের কাছে। পুরসভার কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছে পাইপ লাইন মেরামতের কাজ শুরু করে। দুপুরের পরে সেই কাজ শেষ হয়েছে। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, গ্যাসের পাইপলাইন বসানোর কাজ করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। যার ফলস্বরপ পাইপলাইন ফেটে জল বেরোতে থাকে। মেরামতি করার পর বেলার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্যাসের পাইপ বসানোর কাজ যারা করছে, তাদের সতর্কতার সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছে।-নিজস্ব চিত্র