


ওয়াশিংটন (পিটিআই): হোয়াইট হাউসের সামনে শ্যুটআউট। অভিযুক্ত এক আফগান নাগরিক। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মার্কিন ন্যাশনাল গার্ডের। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। তাই এবার মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য আমেরিকায় অভিবাসনের দরজা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আরও লিখেছেন, আমেরিকার নিরাপত্তার জন্য ‘ঝুঁকি’ হয়ে ওঠা সব বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হবে। ট্রাম্পের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। কারণ, পড়াশোনা ও চাকরি সহ বিভিন্ন প্রয়োজনে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অসংখ্য মানুষ আমেরিকায় যান। তবে ঠিক কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
হোয়াইট হাউসের বাইরে গুলিচালনার জেরে ইতিমধ্যেই অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে জানানো হয়েছে, ওই দেশগুলি থেকে আসা সব অভিবাসীদের গ্রিন কার্ড সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হবে। প্রশাসনের কঠোর পদক্ষেপের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, আমরা প্রযুক্তিগতভাবে উন্নতি করলেও অভিবাসন নীতির ফলে সেই সাফল্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু মানুষের জীবনযাত্রার মানও বিঘ্নিত হচ্ছে এর ফলে। মার্কিন ব্যবস্থার পূর্ণ পুনরুজ্জীবনের লক্ষ্যে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন পুরোপুরিভাবে স্থগিত করব। বাইডেন বেআইনিভাবে লক্ষ লক্ষ মানুষকে আমেরিকায় ঢুকিয়েছিলেন। তাদের সবাইকে দেশছাড়া করব। যারা আমেরিকার সম্পদ বলে বিবেচিত হবে না কিংবা আমাদের দেশকে ভালোবাসার যোগ্য নয়, তাদের সবাইকে সরিয়ে দেব। আমেরিকার নাগরিক নয়, এমন প্রত্যেকের সরকারি সুবিধা ও ভরতুকি বন্ধ করে দেওয়া হবে। যেসব অভিবাসী আমেরিকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে এবং পশ্চিমী সভ্যতায় বেমানান, সেই সব বিদেশি নাগরিককেই আমেরিকা-ছাড়া করা হবে।
হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প। -পিটিআই