


নয়াদিল্লি: ‘আমার ভাষা হারিয়ে যাচ্ছে। রাশি রাশি স্মৃতি মনে ভিড় করছে।’ বিদায়ী ভাষণে আবেগবিহ্বল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সাফ বলে দিলেন, ‘অবসরের পর কোনও পদ গ্রহণ করব না। সম্ভবত আইনি পেশা নিয়েই কিছু একটা করব।’ মঙ্গলবারই অবসর নিলেন প্রধান বিচারপতি খান্না। এদিন সুপ্রিম কোর্টে সহকর্মীদের বিদায় জানালেন। একইসঙ্গে ব্যাটন তুলে দিলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। নিজের উত্তরসূরির প্রশংসায় পঞ্চমুখ হলেন বিদায়ী প্রধান বিচারপতি। আজ বুধবার দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বি আর গাভাই। অবসর গ্রহণের দিন সেরেমোনিয়াল বেঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি খান্না বলেন, ‘একজন আইনজীবী চিরদিন আইনজীবীই রয়ে যান। বিচারবিভাগের উপর মানুষের যে আস্থা রয়েছে, তা আদায় করা যায় না, অর্জন করতে হয়। বিচারবিভাগ বলতে বেঞ্চ ও বারকে বোঝায়। বার হল বিবেক।’ নিজের উত্তরসূরির প্রশংসা করেন বিদায়ী প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারপতি গাভাই আমার বড় একটা ভরসার জায়গা আছেন। তিনি খুবই উপযুক্ত প্রধান বিচারপতি হবেন। মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা অক্ষুন্ন রাখবেন।
প্রধান বিচারপতি খান্নার কাকা এইচ আর খান্না ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। কর্মজীবনের শেষদিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের সঙ্গে কাকার সঙ্গে তুলনা এড়িয়ে গিয়েছেন তিনি। ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত একটা টালমাটাল সময়ে শীর্ষ আদালতে বিচারপতি ছিলেন এইচ আর খান্না। উল্লেখ্য, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন সঞ্জীব খান্না। গত বছরের নভেম্বরে দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন তিনি। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে কার্যকালের মেয়াদে বেশ কিছু মামলা ও ঐতিহাসিক রায়ের অংশ ছিলেন তিনি।