


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অভিষেক ব্যানার্জী সহ একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় ভারতীয় ন্যায় সংহিতা এর একাধিক ধারায় অভিযোগ দায়ের করলেন রায়নগরের বাসিন্দা শুকদেব দাস। ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরকে ঘিরে অনুমোদনহীন চিকিৎসা পরিষেবা ও ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনা করার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে একাধিক স্থানে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই চিকিৎসা শিবির ও ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনা করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, প্রতারণা, জাল নথি তৈরি ও ব্যবহার, ভুয়ো পরিচয়ে চিকিৎসা পরিষেবা প্রদান এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক পরিচালনার মতো একাধিক বেআইনি কাজ স্বাস্থ্য শিবিরের আড়ালে সংঘটিত হয়েছে। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে, আইনবহির্ভূতভাবে ওষুধ, চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের ঘটনাও ঘটেছে। অভিযোগকারীর দাবি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটন এবং জননিরাপত্তা বিপন্ন করার মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও সংশ্লিষ্ট অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তভার গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও। অভিযোগগুলির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।