


নয়াদিল্লি, ৩০ জুন: বিশ্বে এই মুহূর্তে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে এখানে ব্যবহারকারীর ফোন নম্বর গোপন রাখার কোনও সুযোগ নেই। যে সুবিধা মেলে মেটার মালিকানাধীন অন্য দুই প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে। অথছ অনেকেই আছেন যাঁরা ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে নিজেদের ফোন নম্বর গোপন রাখতে চান। সে কথা মাথায় রেখে নতুন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটির গ্লোবাল সিইও হিসাবে দায়িত্ব নিয়েই নতুন এই আপডেটের কথা ঘোষণা করলেন কুণাল শাহ।
এখন হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের সময় ভেসে ওঠে ব্যবহারকারীর মোবাইল নম্বর। তার পরিবর্তে আসতে চলেছে ইউজারনেমস। তখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরার ফোন নম্বরের পরিবর্তে এই ইউজারনেম দেখা যাবে। ফলে ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না।
ব্যবহারকারীদের নিজের পছন্দমতো একটি ইউজারনেম বেছে নেওয়ার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে নতুন এই ফিচার চালু করা হবে বলে জানা গিয়েছে।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা তিনশ কোটিরও বেশি। তাই দ্রুত নিজেদের পছন্দের ইউজারনেম বেছে নেওয়ার জন্য ব্যবহারকারীদের বার্তা দিয়েছেন হোয়াটসঅ্যাপের সিইও কুণাল শাহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘টাইমিংটাই আসল।’