


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিহারা শিক্ষাকর্মী এবং নতুন প্রার্থীদের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, তা বৃহস্পতিবার বলতে পারলেন না শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সাংবাদিকরা এদিন তাঁকে প্রশ্ন করেন, দীর্ঘদিন ধরে চাকরিহারা শিক্ষাকর্মীরা বেতন পাচ্ছেন না। তাঁদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কবে নিয়োগ শুরু হবে? এর উত্তরে তিনি বলেন, এই ফল প্রকাশিত হবে। তবে, কোনো সময়সীমা দেননি তিনি। এদিকে, ৩১ আগস্ট পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের। তাই তাঁদের দ্রুত নিয়োগের দিকটিই প্রাধান্য পাচ্ছে বলে জানান তিনি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে বাড়তি সময় চেয়ে আবেদনও জানানো হবে। এদিন তিনি এও জানান, ২০২৭ সালের পাঠ্যবইয়ের রিভিউয়ের পাশাপাশি ২০২৮ সালে জাতীয় শিক্ষানীতি মেনে নয়া পাঠ্যক্রমও তৈরি করবে কিছুদিন আগে গঠন হওয়া নয়া সিলেবাস কমিটি।
অন্যদিকে, এদিন দীর্ঘদিন ধরে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন জানানো ১৫৪ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর বদলি কার্যকর করার কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ১২ আগস্ট থেকে কমিশনের অফিসে শুরু হবে শুনানি। যদি কেউ এই বদলিতে আর আগ্রহী না থাকেন, তাহলে তাঁকে লিখিতভাবে জানাতে হবে। এদিন দীপকবাবু বলেন, বয়সের কারণে অনেক পারিবারিক দায়িত্ব এবং শারীরিক সমস্যা বাড়ে। সেই কারণে সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে তাঁদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একটা দাবি উঠছিল, বয়স নয়, চাকরির সিনিয়রিটির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক। তার ব্যাখ্যা দিতে গিয়েই একথা জানান মন্ত্রী।