


ভোপাল: সাইরেন বাজালেও নাকি রাস্তা ছাড়তে চাননি অন্য বাইকচালক ও পথচারীরা। এহেন ‘অপরাধ’ সহ্য হয়নি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের পুত্রের। তাই এসইউভি নিয়ে তাঁদের পরপর ধাক্কা মেরে বসলেন তিনি। ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। অভিযুক্তের নাম দীনেশ লোধি। তিনি পিছোরে এলাকার বিধায়ক প্রীতম লোধির ছেলে। বৃহস্পতিবার সকালে তিনি এই কাণ্ড ঘটান। গাড়ির ধাক্কায় দুই মহিলা সহ পাঁচজন জখম হয়েছেন। আহতদের নাম সঞ্জয় পরিহার, আশিস পরিহার, অনশুল পরিহার, সীতা ভর্মা এবং পূজা সোনি। ঘটনার সময় সীতা ও পূজা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাকি তিনজন কর্মস্থলে যাচ্ছিলেন মোটরবাইকে চেপে। সেই সময় দীনেশ তাঁর গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারেন। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিধায়ক-পুত্র জখমদের উদ্দেশে উদ্ধত ভঙ্গিতে বলছেন, ‘আমি যখন সাইরেন বাজাচ্ছিলাম, তখন কেন সরে যাওনি?’ যাঁরা ভিডিয়ো করছিলেন, তাঁদেরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভিডিয়ো রেকর্ড করবেন না।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীনেশ যে গাড়িটি চালাচ্ছিলেন, তার সামনে ও পিছনে বড়ো করে লেখা ‘প্রীতম লোধি’ ও ‘এমএলএ’। ছিল নীল বাতিও। স্থানীয় কারেরা থানায় বিধায়ক-পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিধায়ক প্রীতম অবশ্য জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে।