


লখনউ: স্ত্রীর খিদে পাওয়ায় বাস নেমে পকোড়া আনতে গিয়েছিলেন স্বামী। তবে ফিরে এসেই চক্ষু চড়কগাছ। গোটা বাসে কোথাও স্ত্রী নেই। এমনকি যাঁরা বাসে ছিলেন তাঁরাও বলতে পারছেন না যে, ওই মহিলা গেলেন কোথায়। পরে পুলিশের দ্বারস্থ হন স্বামী। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রামপুর জেলার বাসিন্দা ১৮ বছরের রিমঝিমের সঙ্গে গত বছরের ডিসেম্বরে আমরোহার বাসিন্দা প্রীতম সিংয়ের বিয়ে হয়েছিল। সম্প্রতি হোলি উপলক্ষ্যে রিমঝিম তাঁর বাপের বাড়ি যান। গত ৯ মার্চ তাঁকে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন প্রীতম। সেখান থেকে তাঁরা বাসে ওঠেন। মাঝরাস্তায় বিলারি স্ট্যান্ডে বাস দাঁড়ানোর সময় প্রীতমকে খাবার আনতে পাঠান রিমঝিম। প্রীতম পকোড়া কিনে ফেরার পরই বুঝতে পারেন যে, সুযোগ বুঝে রিমঝিম পালিয়ে গিয়েছেন। অনেক খোঁজাখুঁজির পর নিরুপায় হয়ে প্রীতম পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশকে তিনি এও জানান, তাঁর সন্দেহ গ্রামেরই কোনও যুবকের সঙ্গে রিমঝিম পালিয়ে গিয়েছেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। বিলারি বাসস্ট্যান্ড লাগোয়া সব সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রিমঝিমের মোবাইল ফোন ট্র্যাক করে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই রিমঝিমকে খুঁজে বের করা হবে।