


নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, মালদহ ও সংবাদদাতা বালুরঘাট: আরডিএক্স, আইইডি বিস্ফোরণের সতর্কবার্তা লেখা ই-মেল! আর এতেই বৃহস্পতিবার দুপুরে বদলে গেল গৌড়বঙ্গের গুরুত্বপূর্ণ তিনটি পোস্ট অফিসের স্বাভাবিক ছন্দ। দুপুরে দফায় দফায় রায়গঞ্জ, ইংলিশবাজারের মকদমপুর এবং বালুরঘাটে মূলত হেড পোস্ট অফিসগুলিতে বোমাতঙ্কের জেরে পুলিশের বিশাল বাহিনী তৎপর হয়ে ওঠে। পোস্ট অফিসগুলি ঘিরে রেখে স্থানীয় থানা, পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা রীতিমতো চিরুনি তল্লাশি চালান। যদিও ঘন্টাখানেকের তল্লাশি অভিযানে কোথাও সন্দেহজনক কিছুর খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তদন্ত হবে।
উত্তর দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ হেড পোস্ট অফিসটি রায়গঞ্জ শহরের হাসপাতাল রোডে। এখানে অফিস চলাকালীন ১২টা ৯ মিনিটে ভায়া শিলিগুড়ি ডিভিশন অফিস হয়ে একটি ইমেল আসে কলকাতায় পাসপোর্ট রিজিওনাল অফিস থেকে। যেখানে উল্লেখ করা ছিল, দুপুর সাড়ে বারোটা থেকে বেলা দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার মধ্যে আরডিএক্স, আইইডি বিস্ফোরণ হতে পারে পোস্ট অফিসে লাগোয়া পাসপোর্ট সেবা কেন্দ্রে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত পোস্ট অফিস ও পাসপোর্ট সেবা কেন্দ্র ফাঁকা করে দেওয়া হোক। এরপর আর সময় নষ্ট করেনি কর্তৃপক্ষ।
পোস্ট অফিস ও লাগোয়া পাসপোর্ট সেবা কেন্দ্রটির গ্রাহক ও কর্মীদের অফিসের বাইরে বের করে দেওয়া হয়। আধিকারিকরাও চোখেমুখে বোমাতঙ্ক নিয়ে বেরিয়ে আসেন পোস্ট অফিস থেকে। চাঞ্চল্যকর এই পরিস্থিতির খবর পেয়ে হেড পোস্ট অফিসে তড়িঘড়ি পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। সেইসঙ্গে বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুরও। রায়গঞ্জ থানার আইসি উদয়শঙ্কর ঘোষের নেতৃত্বে এরপর তল্লাশি অভিযান হয়। রায়গঞ্জ হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার নিরঞ্জন রায় বলেন, এদিন দুপুর ১২ টা ৯ মিনিট নাগাদ আমাদের কলকাতার পাসপোর্ট রিজিওনাল অফিস থেকে ভায়া শিলিগুড়ি ডিভিশন হয়ে একটি সতর্কবার্তা দিয়ে মেল আসে। যেখানে উল্লেখ ছিল, পাসপোর্ট সেবা কেন্দ্র আছে এমন পোস্ট অফিসে আগে থেকে মজুত থাকা আরডিএক্স বা আইডি বিস্ফোরণ ঘটতে পারে। তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেব দ্রুত কাজকর্ম বন্ধ করে কর্মীদের অফিসের বাইরে বের করে দিই।
রায়গঞ্জের পুলিশ সুপার কুলদীপ সোনাওয়ানে বলেন, বিশাল বাহিনী সহ বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর পৌঁছে ওই পোস্ট অফিসে তল্লাশি করলেও সন্দেহজনক কিছু মেলেনি।
একইভাবে বোমাতঙ্ক ছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট প্রধান পোস্ট অফিসে। এখানেও রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ইমেল আসে। এরপরই বালুরঘাট হেড পোস্ট অফিস থেকে তড়িঘড়ি সমস্ত কর্মীদের বের করে দেওয়া হয়। বম্ব স্কোয়াডের টিম, স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হয়। পোস্ট অফিসের পোস্ট মাস্টার সুবল চন্দ্র বিশ্বাস বলেন, প্রধান অফিস থেকে আমাদের সতর্ক করা হয়েছে। সেইমতো কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। কিছু পাওয়া যায়নি।
বালুরঘাট ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, নানা জায়গায় তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার প্রধান ডাকঘর এবং শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। যে সমস্ত ডাকঘরে পাসপোর্ট পরিষেবা দেওয়া হয় সেখানেই এদিন বোমা বিস্ফোরণের হুমকির জেরে কাজকর্ম চার-পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়।