


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক ক্ষেত্রে বদল এনেছে বর্তমান শাসকদল। আর এই বদলের তালিকায় বাদ যায়নি স্কুলের মিড ডে মিল-ও। কলকাতার স্কুল গুলিকে মিড ডি মিল দেওয়ার দ্বায়িত্ব দেওয়া হয় ইসকনকে। সেই অনুযায়ী খুদে পড়ুয়াদের নিরামিষ খাবার দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেখানেই বিরোধীদের তরফ থেকে উঠে এসেছিল নানান বিতর্ক। অনেকের প্রশ্ন ছিল, স্কুলগুলিতে খাদ্য তালিকা থেকে ডিম বাদ দিলে পড়ুয়ারা পুষ্টি পাবে কোথার থেকে? অবশেষে আজ নবান্ন থেকে এই বিতর্কের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ ঘোষণা করলেন, এবার থেকে পড়ুয়াদের থালিতে ডিমও থাকবে। আর এই ডিম দেবে এসএইচজি গ্রুপ। তিনি আরো ঘোষণা করেন ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়া শুরু করবে ইসকন। আলাদা করে সেই পাতে ডিমও থাকবে। সেই দ্বায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।
মিড ডে মিল নিয়ে এই ঘোষণা ছাড়াও এদিন নবান্ন থেকে এ দিন রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত মোট ৮০,৩৭৫টি স্কুলের জন্য কম্পোজিট গ্রান্টের অর্থ বরাদ্দ করেন শুভেন্দু। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলগুলির অ্যাকাউন্টে মোট ২৯৬.৬৪ কোটি টাকা পাঠানো হয়।