


নয়াদিল্লি: উদ্ধবপন্থী শিবসেনার বিড়ম্বনা আরও বাড়তে চলেছে। ইতিমধ্যে ছয়জন বিক্ষুব্ধ সাংসদ একনাথ সিন্ধের দলে নাম লিখিয়েছেন। খাতায় কলমে তাঁদের একনাথপন্থী শিবসেনার সাংসদ হিসাবে স্বীকৃতি এখন সময়ের অপেক্ষা। আর এরপরই দিল্লিতে সংসদ ভবন চত্বরে তাদের দলীয় পার্টি অফিসের জন্য বরাদ্দ কক্ষটি হারাতে পারে উদ্ধব থ্যাকারে শিবির। ছ’জন বিক্ষুব্ধ সাংসদ শিবির বদল করায় এখন উদ্ধবের দলে রয়েছেন মাত্র ৩ সাংসদ। ওয়াকিবহাল মহলের মতে, কক্ষ পাওয়া নিয়ে এমনিতে কোনো নিয়ম নেই। তবে পাঁচজন বা তার বেশি সাংসদ থাকা দলের জন্যই অফিসের জায়গা বরাদ্দ করা হয়।
একইসঙ্গে সরকারের সর্বদলীয় বৈঠকগুলিতেও ডাক পাওয়ার সম্ভাবনা কমে গেল উদ্ধবের দলের। সাধারণত, পাঁচজনের বেশি সাংসদ থাকলে কোনো দলকে এই বৈঠকে ডাকা হয়। তিন দশক ধরে সংবিধান ভবন তথা পুরানো সংসদ ভবনের ১২৮ নম্বর ঘরটি শিবসেনার জন্য রবাদ্দ ছিল। ভাঙনের পর ২০২৩ সালে সেই ঘরটি একনাথপন্থী শিবসেনাকে দেওয়া হয়। পাশের ১২৮এ ঘরটি পায় উদ্ধবপন্থীরা। এরপর ঘর পাওয়ার ক্ষেত্রে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের উপর নির্ভর করতে হবে উদ্ধবদের। কোনো নিয়ম না থাকায়, পুরো বিষয়টিতে তাঁদের বিবেচনাই শেষ কথা।