


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ’র হেপাজতে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবার ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগপত্রে নাম রয়েছে আরও দু’জনের। তার মধ্যে একজন প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও অপরজন সাগরেদ। মহিলার দাবি, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর পাঁচ বছরের ছেলেকে কিছু সমাজ বিরোধী জোর করে তুলে নিয়ে গিয়েছিল। তিনি ছেলেকে ফিরে পেতে তৎকালীন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত ঘনিষ্ঠ হোসেন শেখের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কথামতো একদিন জীবনতলার কালীবাড়িতে তাঁর অফিসে দেখা করতে যান। সেখানেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে ধর্ষণ করে ওই ব্যক্তি। সঙ্গে চলে মারধর।
এখানেই শেষ নয়। বধূর নগ্ন ছবি তুলে হুমকি দিয়ে বলা হয় কাউকে এই ব্যাপারে বললে ছবি ভাইরাল করে দেওয়া হবে। দিনের পর দিন এমনটা চলেছে। ছেলেকে ফিরে পেতে এরপর আরও এক নেতার মাধ্যমে শওকত মোল্লার সঙ্গে দেখা করতে যান ওই অভিযোগকারিণী। অভিযোগ, সেখানেও তাঁকে ধর্ষণ করেন বিধায়ক এবং তাঁর গাড়ির চালক। এতদিন মুখ বুঝে চুপচাপ ছিলেন অভিযোগকারিণী। প্রশ্ন হল এতদিন বাদে কেন অভিযোগ করলেন তিনি? মহিলা বলেন, এতদিন তৃণমূল সরকার থাকার ফলে কিছু বলার সাহস হয়নি। থানা পুলিশ সবই শওকতের কথায় চলত। স্থানীয় এক বিজেপি নেত্রীর সাহায্যে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছি। এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।