


সংবাদদাতা, বারুইপুর: অস্বাভাবিক অবস্থায় এক মহিলা উদ্ধার। ঘটনাটি ঘটেছে বকুলতলা থানা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে ওই মহিলা ও তাঁর স্বামী একসঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। এরপর রাত প্রায় সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওই মহিলাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বকুলতলা থানার পুলিশ। এরপর তাঁকে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাড়ি থেকে বেরিয়ে কীভাবে তিনি অস্বাভাবিক অবস্থায় বকুলতলা থানা এলাকায় পৌঁছলেন তা এখনও স্পষ্ট নয়। এরপর মহিলার পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন তাঁর স্বামী। পাশাপাশি ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতাল থেকে ওই মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের সহযোগিতায় তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।
পুলিশের দাবি, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের হলে এবং তদন্তে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সামনে এলে সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।